দুজনকে নিয়েই সংশয় ছিল। একদিন আগেই তামিম ইকবালের বিষয়টি নিশ্চিত হয়ে গিয়েছিল। ওয়েস্টইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে পাওয়া যাচ্ছে না বাঁহাতি এই ওপেনারকে। তারপর ক্রমেই ফিট হতে চলা সাকিব আল হাসানকে ছাড়তে চাননি নির্বাচকরা। বাঁহাতি এই অলরাউন্ডারকে দলে অন্তর্ভুক্ত করার সুযোগটা কাজে লাগাতেই বিলম্ব হয়েছে দল ঘোষণায়। শেষ পর্যন্ত নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিবকে রেখেই গতকাল ওয়েস্টইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি।
আগামী ২১ নভেম্বর শুরু হতে চলা বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ক্রিকেটারদের খেলার সুযোগ করে দিতেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে হোম সিরিজে দলের আকার ছোট করা হয়েছে। গত ডিসেম্বরে টেস্ট দলের নেতৃত্ব ফিরে পেয়েছিলেন সাকিব। কিন্তু চোটের কারণে বছরের শুরুতে শ্রীলঙ্কার সঙ্গে দুই টেস্টে ছিলেন না। তাই পুনরায় নেতৃত্ব পাওয়ার পর দেশের মাটিতে সাকিবের প্রথম টেস্ট হতে যাচ্ছে চট্টগ্রামে। সবকিছু ঠিক থাকলে ২২ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উইন্ডিজদের বিরুদ্ধে টস করতে নামবেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
সাকিবের সঙ্গে টেস্ট দলে ফিরেছেন সৌম্য সরকার ও তরুণ অফস্পিনার নাঈম হাসান। জিম্বাবুয়ে সিরিজের টেস্ট দল থেকে বাদ পড়েছেন পাঁচ ক্রিকেটার। তারা হলেন— লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ রাহী ও শফিউল ইসলাম।
আঙুলের চোট কাটিয়ে গত বুধবার থেকে হালকা নেট অনুশীলন শুরু করেছিলেন সাকিব। ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টেস্টে তার খেলার কথা ছিল না। বরং ফেরার কথা ছিল তামিমের। কিন্তু গত সপ্তাহে ব্যাটিংয়ের সময় পিঠের পেশীতে টান পড়ায় তামিম ছিটকে পড়েন। তখনই সাকিবকে দলে নেয়ার জন্য অপেক্ষা শুরু হয়। এখনও পুরো ফিট না হলে নিয়মিত টেস্ট অধিনায়ক ম্যাচের খেলার অবস্থায় চলে আসবেন বলেই আশা নির্বাচকদের।
সৌম্য ও নাঈম এবার জাতীয় লিগে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন। ৬ ম্যাচে ২৮ উইকেট নিয়েছিলেন অফস্পিনার নাঈম। বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে ডাক পেয়েছিলেন এই তরুণ। যদিও ম্যাচ খেলার সুযোগ হয়নি দীর্ঘাকায় নাঈমের। ৪৭১ রান করে তৃতীয় সেরা রান সংগ্রাহক ছিলেন সৌম্য। গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। জিম্বাবুয়ের বিরুদ্ধে লিটন দাসের বার্জে ফর্মই সুযোগ করে দিয়েছে সৌম্যকে।
অবশ্য একই সিরিজে রান খরার পরও অভিজ্ঞতার কারণে টেস্ট দলে টিকে গেছেন ইমরুল কায়েস। ক্যারিবিয়ানদের স্পিন পরীক্ষায় ফেলতেই দলে পেসার মাত্র দুজন; মুস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ। আবু জায়েদ রাহীর বাদ পড়াটা বিস্ময়কর। কারণ ওয়েস্টইন্ডিজে ভালো করার পর সিলেট টেস্টে খুব খারাপ করেননি এই ডানহাতি পেসার। শফিউল ইসলাম বাদ পড়েছেন ম্যাচ না খেলেই।
সিলেটে অভিষেক হওয়া বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর বাদ পড়া অনুমেয় ছিল। চার উইকেট পেলেও অপুর বোলিং প্রথম শ্রেণির ক্রিকেটের মানানসই ছিল না।
প্রথম টেস্টের বাংলাদেশ
দল
সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও নাঈম হাসান।
