ক্যাম্পাসের বাসে বাড়ি ফিরছেন ববি শিক্ষার্থীরা

আপডেট : ১৫ জুলাই ২০২১, ২১:১৮

করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারঘোষিত কঠোর লকডাউনে আটকে পড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের নিজস্ব বাসে করে বাড়ি পাঠানো শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকে বিশেষ পরিবহন সেবার অংশ হিসেবে নিজস্ব ছয়টি বাস বরগুনা, বাগেরহাট, যশোর এবং নাটোর-বগুড়া ও রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। শুক্রবার দ্বিতীয় দিন বিভিন্ন রুটে আরো ১২টি বাস ছেড়ে যাবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস। তিনি জানান, সশরীরে পরীক্ষা দিতে এসে কঠোর লকডাউনে আটকে পড়েছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজস্ব পরিবহন ব্যবস্থায় তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছে। বৃহস্পতিবার প্রথম দিন সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পটুয়াখালী হয়ে বরগুনার আমতলী পর্যন্ত দুটি, বরিশাল-ঝালকাঠী-পিরোজপুর-বাগেরহাট পর্যন্ত একটি, বরিশাল থেকে যশোর পর্যন্ত দুটি এবং একটি বাস বরিশাল-নাটোর-বগুড়া-রংপুর রুটে ছেড়ে যায়। ছয়টি বাসে মোট ২৪৩ জন শিক্ষার্থীকে বাড়ি পাঠানো হয়। শুক্রবার সকালে ক্যাম্পাস থেকে সরাসরি খুলনার উদ্দেশে তিনটি, সাতক্ষীরার উদ্দেশে তিনটি, মাগুরা-ঝিনাইদহের উদ্দেশে দুটি, কুষ্টিয়ার উদ্দেশে একটি, ফরিদপুর-রাজবাড়ীর উদ্দেশে দুটি এবং গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে একটি বাস। প্রক্টর আরো জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাতটি বাস এবং বিআরটিসির ভাড়া করা দুটি ডাবল ডেকারসহ পাঁচটি বাস শিক্ষার্থীদের পরিবহনে নিয়োজিত করা হয়েছে। করোনা ঝুঁকি থেকে রক্ষা করে শিক্ষার্থীদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করায় উপাচার্যকে ধন্যবাদ জানান পরিবহন সুবিধা নেওয়া শিক্ষার্থীরা।