ম্যাচ শুরুর ১৭ ঘন্টা আগে জিম্বাবুয়ের দল ঘোষণা

আপডেট : ১৫ জুলাই ২০২১, ২১:৪৫

সাধারণত সিরিজ শুরুর কিছুদিন আগেই স্কোয়াড ঘোষণা করা হয়। যারা দলে থাকেন তাদেরকে এক তাঁবুর নিচে নিয়ে আসা হয়। সঙ্গে চলে অনুশীলন। সিরিজ শুরুর আগে নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি, প্রতিপক্ষকে ঘায়েল করার পরিকল্পনা সবই হয়। কিন্তু জিম্বাবুয়ে যেন ব্যতিক্রম। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচে নামার মাত্র ঘন্টাকয়েক আগে দল ঘোষণা করলো স্বাগতিক দলটি।

আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এ নিয়ে নিজের বিস্ময়ের কথা জানিয়েছেন খোদ বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, আমরা এখনো জানিনা কাদের বিপক্ষে খেলবো। তাদের স্কোয়াড দেখলাম না। এমনকি খেলার আগে কোয়ারেন্টিনে থাকতে হয়। ওদের কাউকে তো হোটেলেও দেখলাম না!

কি কারণে এত দেরিতে স্কোয়াড দিলো জিম্বাবুয়ে বোর্ড সেটি জানা যায়নি। এক বিজ্ঞপ্তির মাধ্যমে তারা দল ঘোষণা করেছে। 

তবে ধারণা করা হচ্ছে অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজার জন্য সময় নিয়েছে তারা। ক্যান্সারের সঙ্গে যুদ্ধ শেষে দীর্ঘদিন পর আবারো জাতীয় দলের হয়ে ফিরছেন তিনি। তাকে দলে রাখা হবে কিনা, এ সিদ্ধান্ত নিতেই দেরি করে ফেলেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। এই সিরিজেও নেতৃত্ব দেবেন ব্রেন্ডন টেইলর। তার নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের স্কোয়াডে যারা আছেন

ব্রেন্ডন টেইলর (অধি.)
রায়ান বার্ল
রেজিস চাকাভা
সিকান্দার রাজা
টেন্ডাই চাতারা
লুক জংওয়ে
তিনাশে
ওয়েসলি মাধবেরে
টিমিসেন মারুমা
মারুমানি
ওয়েলিংটন মাসাকাদজা
মুজারাবানি
মেয়ার্স
রিচার্ড এনগ্রাভা
মিলটন সুম্বা
ডোনাল্ড টিরিপানো

ইত্তেফাক/এএএন