আড়াইহাজারের ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন

আপডেট : ১৫ জুলাই ২০২১, ২১:৫৯

আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে চলছে বালু উত্তোলনের মহোত্সব। সরেজমিনে দেখা গেছে ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদবারদী, প্রভাকরদী, বালিয়াপাড়া, মনোহরদী, উত্রাপুরের পাশ দিয়ে  বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ থেকে প্রভাবশালী মহলের সহযোগিতায় স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। ফলে ভাঙনের মুখে রয়েছে নদতীরবর্তী গ্রামগুলো।

বালুসন্ত্রাসীরা প্রভাবশালী হওয়ায়  এলাকার বাসিন্দারা মুখ খুলতে সাহস পায় না। সম্প্রতি ঐ এলাকার একজন ভুক্তভোগী উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিলেও ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে কিছুদিন আগে গ্রামবাসী একত্রিত হয়ে ছয়টি ড্রেজার পুড়িয়ে দেয়। এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন জানান, খুব শিগিগর বালুসন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।