বয়ঃসন্ধিকালীন প্রজনন

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৪

প্রজনন স্বাস্থ্যের ধারণা শুধুমাত্র মাতৃস্বাস্থ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রজনন স্বাস্থ্যের পরিচর্যা যে কোনো বয়সের নারী ও পুরুষের জন্য প্রযোজ্য। প্রজনন স্বাস্থ্য যত্ন গর্ভবতী মায়েদের চাহিদা পূরণ করলেও যারা গর্ভধারণ করতে চায় বা চায় না তারাও এর আওতাভুক্ত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রজনন স্বাস্থ্যের সংজ্ঞাকে এভাবে উত্থাপন করেছে: ‘প্রজনন স্বাস্থ্য শুধুমাত্র প্রজননতন্ত্রের কার্য এবং প্রজনন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত রোগ বা অসুস্থতার অনুপস্থিতিকেই বোঝায় না, এটা শারীরিক, মানসিক ও সামাজিক কল্যাণকর এক পরিপূর্ণ সুস্থ অবস্থার মধ্যদিয়ে প্রজনন প্রক্রিয়া সম্পাদনের একটি অবস্থাকে বোঝায়’।

১৯৯৪ সালে কায়রোতে অনুষ্ঠিত ICPD এর ঘোষণা অনুসারে প্রজনন স্বাস্থ্যের আওতাভুক্ত কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। জনগণের সন্তোষজক ও নিরাপদ যৌনজীবন এবং যৌন স্বাস্থ্য রক্ষা প্রয়োজন এবং নারী ও পুরুষের সমান অধিকার প্রজনন স্বাস্থ্যের মধ্যে যৌন স্বাস্থ্য অন্তর্ভুক্ত রয়েছে। সন্তান উত্পাদনের ক্ষমতা এবং কখন, কতবার এই ক্ষমতা একজন ব্যক্তি প্রয়োগ করবেন তার স্বাধীনতা সন্তান উত্পাদনের স্বাধীনতা কয়েকটি অধিকারের সাথে সম্পর্কিত পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে নারী ও পুরুষের জেনে নেয়ার অধিকার পছন্দ অনুযায়ী নিরাপদ, কার্যকর, সাধ্যায়ত্ত এবং গ্রহণযোগ্য পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের অধিকার।

প্রজনন স্বাস্থ্যের সংজ্ঞা অনুযায়ী ‘প্রজনন স্বাস্থ্যসেবা হচ্ছে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলোকে প্রতিরোধ ও সমাধান করার জন্য কিছু পদ্ধতি, কৌশল ও সেবাসমূহের সমাহার যা প্রজনন স্বাস্থ্য ও কল্যাণের জন্য সহায়ক’। এই সেবার আওতায় যৌন স্বাস্থ্যও অন্তর্ভুক্ত। যার উদ্দেশ্য শুধুমাত্র প্রজনন এবং যৌনবাহিত রোগসমূহের পরামর্শ দান এবং সেবাই নয়, মানবজীবন এবং ব্যক্তিগত সম্পর্কের উন্নয়নও।