কেরানীগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণ, ২ শিশুসহ দগ্ধ ৫

আপডেট : ১৬ জুলাই ২০২১, ০১:০৭

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বীর বাঘৈর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জের বীর বাঘৈর এলাকার একটি বাসায় বন্ধুদের জন্য রাতের খাবার তৈরি করতে গিয়ে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এ সময় দগ্ধ হন রাজু আহমেদ (২৮), তার দুই মেয়ে জান্নাত (৫) ও রোজা (৩) এবং চাচাতো ভাই মুন্না ও হাবিব। ঘটনার পরপরই দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে এলাকাবাসী। পরে তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, রাজু আহমেদ ৩০ শতাংশ, জান্নাত ২৬ শতাংশ, রোজা ৪৬ শতাংশ, শারমিন আক্তার ১০ শতাংশ ও হাবিবুর রহমান হাবিবের শরীর ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, এলাকার সিরাজ মিয়ার ছেলে রাজু মিয়া তার বাড়ির পাশে একটি ঘরে বন্ধুদের জন্য গ্যাস সিলিন্ডারের চুলায় মুরগি ফ্রাই করার সময় দুবার চুলা বন্ধ হয়ে যায়। তৃতীয় বার মুন্না ও রাজু চুলা জ্বালাতে গেলে মুহুর্তেই সিলিন্ডারটি বিস্ফারিত হয়। এ সময় তারাসহ পরিবারের আরও তিন সদস্য দগ্ধ হন। 

ইত্তেফাক/জেডএইচডি