দক্ষিণ ফ্রান্সের সাগরপাড়ের শহর কানে চলছে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ বন্দনা। পৃথিবীর স্বনামধন্য সংবাদমাধ্যমগুলোতে উঠে আসা এসব প্রশংসা আর অভিনন্দন কি জয়েরই আভাস? আজ ভূমধ্যসাগরের তীরে কি রচিত হবে বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তির ইতিহাস?
কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের আঁ সার্তে রিগা বিভাগের পুরস্কার বিতরণ করা হবে আজ স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিট)।

গত ৭ জুলাই পালে দে ফেস্টিভাল ভবনের সাল দুবুসি থিয়েটারে হয়েছিলো আঁ সার্তে রিগা বিভাগে নির্বাচিত ‘রেহানা মরিয়ম নূর-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার। কান উৎসবের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের প্রথম ছবিটি বোদ্ধাদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূর চরিত্রে আজমেরী হক বাঁধনের অভিনয় মন কেড়েছে দর্শকদের।

বিশ্বের বিভিন্ন দেশের সংবাদকর্মীরা ‘রেহানা মরিয়ম নূর’ নিয়ে ইত্তেফাককে জানিয়েছেন তাদের ভালোলাগার কথা। নেদারল্যান্ডসের সাংবাদিক কোয়েন ফন জোল বলেন, চিত্রনাট্যটি অসাধারণ। আমার খুব ভালো লেগেছে। এর বিষয়বস্তু বৈশ্বিক আর চিরন্তন। আমি নিশ্চিত, এটি বাংলাদেশের নতুন ধরনের ছবি।’

যুক্তরাষ্ট্রের নারী সাংবাদিক সোফিয়া আন্ড্রেড বলেন, ‘রেহানা মরিয়ম নূর চমৎকার একটি ছবি। নতুন ধরনের পরিচালনা ও চিত্রগ্রহণ প্রশংসনীয়। পুরো ছবির শব্দ ডিজাইন এককথায় অসাধারণ। আর অভিনয়ও দারুণ।’

দর্শক ও বোদ্ধাদের অভিনন্দন ও প্রশংসায় আপ্লুত আবদুল্লাহ মোহাম্মদ সাদ। বাংলাদেশের চলচ্চিত্রকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া এই তরুণ নির্মাতা যা পেয়েছেন তাতেই খুশি, তবে পুরস্কার পেলে যে আরও ভালো লাগবে সেই কথা কদিন আগেই সাক্ষাৎকারে জানিয়েছেন। তার কথায়, ‘কিছু পেলে তো মানুষ আরও পেতে চায়। আমরা যদি কোনো পুরস্কার পাই ভালো লাগবে।’

এবারের আঁ সার্তে রিগা’য় ‘রেহানা মরিয়ম নূর’সহ রয়েছে ২০টি চলচ্চিত্র। এই বিভাগের জুরি প্রেসিডেন্ট ব্রিটিশ নারী নির্মাতা আন্দ্রেয়া আর্নল্ড ও তার নেতৃত্বাধীন বিচারক প্যানেলের চূড়ান্ত রায় জানতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি।
ইত্তেফাক/জেএইচ
