চট্টগ্রামের সীতাকুণ্ডে গরুবাহী ট্রাকের চালক আব্দুর রহমানকে (৪৫) গুলি করে হত্যা করেছে ডাকাতেরা। শুক্রবার ভোরে ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডের ৪ নম্বর সেতুর কাছে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি যশোর জেলার চৌগাছা থানার চন্দা গ্রামে।

জানা যায়, মাগুরা থেকে ১৩টি কোরবানির গরু বোঝায় করে ট্রাক নিয়ে চট্টগ্রামের বিবির হাটের উদ্দেশ্যে রওনা হয়। শুক্রবার ভোর রাতে ট্রাকটি ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডের ৪ নম্বর সেতু পার হওযার সময় একটি পিকআপ ভ্যানে করে আসা ৭/৮ জনের ডাকাতদল গরুবাহী ট্রাকটির গতিরোধ করে। ডাকাতদল গরু গুলো ছিনতাইয়ের উদ্দেশ্য ট্রাক থেকে নামানোর চেষ্টা করলে চালক আব্দুর রহমান বাঁধা দেয়। এতে ডাকাতরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়। এসময় আব্দুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডাকাতদেরকে আটকের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এমআর
