আবুধাবি টেস্টের প্রথমদিনটা মুখে চওড়া হাসি নিয়েই শেষ করেছিলেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। তবে, দ্বিতীয় দিনে তিনি প্রথম দিনের মতো আর স্বস্তিতে নেই।
কারণ, নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে মাত্র ১৫৩ রানে অল আউট করে দেওয়া পাকিস্তান টেস্টের দ্বিতীয় দিনে নিজেরাই অলআউট হয়ে গেছে মাত্র ২২৭ রানে। আর দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে সফরকারী নিউজিল্যান্ড এক উইকেট হারিয়ে করেছে ৫৬ রান। যদিও, এখনো পাকিস্তানের চেয়ে ১৮ রান পিছিয়ে আছে ব্ল্যাক ক্যাপরা।
পাকিস্তানের ইনিংসে ধস নামান ট্রেন্ট বোল্ট। তিনি নিয়েছেন চারটি উইকেট। এ ছাড়া দুটি করে উইকেট নেন কলিন ডি গ্র্যান্ডহোম ও আজাজ প্যাটেল। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন বাবর আজম।
মোহাম্মদ হাফিজ, আজহার আলী, হারিস সোহেল ও আসাদ শফিক— প্রত্যেকেই ভালো সূচনা করেছিলেন। যথাক্রমে তাদের ব্যাট থেকে আসে ২০, ২২, ৩৮ ও ৪৩ রানের ইনিংস। কেউই নিজেদের ইনিংসটা লম্বা করতে পারেননি।
জবাব দিতে নেমে টম ল্যাথাম কোনো রান না করেই বিদায় নিলে হাল ধরেন রাভাল ও অধিনায়ক কেন উইলিয়ামসন। ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে এ দুজন ব্যাট করছেন। উইলিয়ামসন ২৭ ও রাভাল ২৬ রান করেছেন। পাকিস্তানের হয়ে একটি উইকেট নেন হাসান আলী।
