নেইমারের গোলে জয়ী ব্রাজিল

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২১:২০

স্পোর্টস ডেস্ক

বিতর্কিত পেনাল্টিতে মাথা ঠান্ডা রেখে গোল করে ব্রাজিলকে জেতালেন নেইমার। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে উরুগুয়েকে ১-০ গোলে হারানোর সুবাদে টানা পঞ্চম জয় তুলে নিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অপরদিকে আর্জেন্টিনা নিজেদের মাঠে ২-০ গোলে হারায় মেক্সিকোকে।

ব্রাজিল ও উরুগুয়ে প্রীতি ম্যাচ খেলতে নামলেও দক্ষিণ আমেরিকার দলদুটি কঠিন প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল গত শুক্রবার রাতে। উভয় পক্ষই সেরা দল নামায়। উরুগুয়ের তরফে ব্রাজিল অধিনায়ক নেইমার ছিলেন কঠিন সব ফাউলের লক্ষ্য। রেফারি বিপক্ষ দলকে ছয়বার হলুদ কার্ড দেখান। এর মধ্যেই শেষ হাসি হাসেন পিএসজি স্ট্রাইকার নেইমারই। দ্বিতীয়ার্ধের শেষদিকে দিয়েগো ল্যাক্সাল্ট ব্রাজিলের দানিলোকে ‘ফাউল’ করেছেন বলে সিদ্ধান্ত দেন রেফারি। তা থেকেই ৭৬ মিনিটে গোলটি করেন নেইমার। জাতীয় দলের হয়ে এটি হলো তার ৬০তম গোল। উরুগুয়ের বিরুদ্ধে এ নিয়ে শেষ ১০ খেলায় অপরাজিত থাকলো ব্রাজিল। ২০০১ সালের পর উরুগুয়ে আর হারাতে পারেনি ব্রাজিলকে। বার্সেলোনা ফরোয়ার্ড লুই সুয়ারেজ উরুগুয়ের হয়ে গোলের সেরা সুযোগগুলো পেয়েছিলেন। কিন্তু তার দুটো প্রয়াসই নস্যাত্ করে দেন গোলরক্ষক অ্যালিসন।

আগামী বছর কোপা আমেরিকা আয়োজনের আগে নিজেদের প্রস্তুত করতে বর্তমানে প্রীতি ম্যাচ খেলছে ব্রাজিল। তাদের পরবর্তী প্রতিপক্ষ ক্যামেরুন। খেলাটি হবে আগামী মঙ্গলবার মিল্টন কেইনেস এ। চলতি বছরে এটিই কোচ টিটের দলের শেষ খেলা। বেলজিয়ামের কাছে ২০১৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে হেরে বিদায় নেয়া দক্ষিণ আমেরিকান দলটি এরপর পাঁচটি প্রীতি ম্যাচে জিতেছে।

আর্জেন্টিনার অনায়াস জয়

কোচ লিওনেল স্ক্যালোনির পরীক্ষামূলক আর্জেন্টিনা দলকে জিততে অবশ্য ব্রাজিলের মতো কষ্ট করতে হয়নি। ৪৪ মিনিটে স্ট্রাইকার পাওলো দিবালার ফ্রিকিক থেকে স্পেনের ভিয়ারিয়ালের ডিফেন্ডার র্যামিরো ফুনেস মোরি হেডে দলকে এগিয়ে দেন। এরপর ৮৩ মিনিটে ইসাক ব্রিজুয়েলার আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়।

উভয় দলই ভারপ্রাপ্ত কোচের অধীনে আর্জেন্টাইন শহর কর্ডোভায় খেলতে নামে। পূর্ব ঘোষণা অনুযায়ী এ খেলাতেও ছিলেন না লিওনেল মেসি। স্কোলানির কোচিংয়ে পাঁচ খেলায় এটি আর্জেন্টিনার তৃতীয় জয়। এর মধ্যে চারটিতে নিজেদের জালে বল যায়নি।

স্ক্যালোনি পরে বলেন, ‘আমি খুবই আনন্দিত। কারণ আমি কয়েকজন খেলোয়াড়কে আজ অভিষেক করাতে পেরেছি।’ অপরদিকে দিবালা গোল না পেলেও ভারপ্রাপ্ত কোচের অধীনে দলীয় সংহতি ফেরায় এর প্রশংসা করেছেন। তার বিশ্বাস সাম্প্রতিক ঘুরে দাঁড়ানো সম্ভব হয়েছে দলের ভেতরকার পরিস্থিতির উন্নতি ঘটায়। জুভেন্তাস ফরোয়ার্ড বলেন, ‘আমরা ভালোভাবেই কাজ করছি।’