অস্ট্রেলিয়ার বন্যা কবলিত উত্তর-পূর্বাঞ্চলে মঙ্গলবার প্রচণ্ড বর্ষণ অব্যাহত থাকায় এ অঞ্চলে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এদিকে বন্যায় কুইন্সল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ওইদিন দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অপরদিকে বন্যা কবলিত অঞ্চল পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার করা দুই মানুষের মৃতদেহের পরিচয় জানা যায়নি। এছাড়া ওই এলাকা থেকে এক হাজার একশ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অপরদিকে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত টাউন্সভিল থেকে সাড়ে ছয়শর বেশি মানুষকে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
কুইন্সল্যান্ড আবহাওয়া ব্যুরোর রিচার্ড ওয়ার্ডল বলেন, আমাদের ধারণা আগামী কয়েকদিন এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকবে। তবে চলতি সপ্তাহের শেষের দিকে অবস্থার কিছুটা উন্নতি হতে পারে। তিনি আরও বলেন, আগামী কয়েকদিন উত্তর-পূর্বাঞ্চলে আরও ভারী বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে সেখানে নতুন করে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে।
