হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন বার্সেলোনা তারকা ইভান রাকিটিচ। গতকাল তারকার ইনজুরির খবরটি নিশ্চিত করেছে বার্সেলোনা। তবে ঠিক কতদিনে চোট কাটিয়ে মাঠে ফিরবেন সে ব্যাপারে কিছু জানায়নি ক্লাবটি। সমপ্রতি স্পেনের বিপক্ষে ক্রোয়েশিয়ার ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয়ের ম্যাচের মাঝামাঝি সময়ে তাকে ইনজুরির কারণে মাঠ থেকে তুলে নেন ক্রোয়েশিয়া কোচ জলাতকো দালিচ। অবশ্য আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে এমনিতেও রাকিটিচকে পেত না তার দল বার্সেলোনা। রিয়াল বেতিসের বিপক্ষে ৪-৩ গোলে পরাজিত হওয়া ম্যাচে জোড়া হলুদ কার্ড দেখার কারণে ২৪ নভেম্বর অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচটিতে নিষিদ্ধ ছিলেন রাকিটিচ। রাকিটিচের শূন্যস্থান পূরণে নিকোনা ভলাসিচ, জসিপ ব্রেকালো এবং মিলান বাদেলজকে দলে অন্তর্ভুক্ত করেছেন ক্রোয়েশিয়া কোচ জলাতকো দালিচ। আজ রাতে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারলেই উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে তার দল।
