বিভাগীয় পর্যায়ে আলাদা ফুটবল স্টেডিয়ামের আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩০

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, দেশে ক্রিকেটের জন্য আলাদা স্টেডিয়াম থাকতে পারলে ফুটবলের জন্য কেন থাকবে না। তাই তিনি ফুটবলের জন্য আলাদা স্টেডিয়াম করার বিষয়ে পরিকল্পনা করছেন। এ প্রসঙ্গে তিনি বিভাগীয় পর্যায়ে হলেও আলাদা ফুটবল স্টেডিয়াম যাতে থাকে সে চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন।

গতকাল মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের অডিটরিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) কর্মকর্তাদের সঙ্গে সভায় এ প্রতিশ্রুতি দেন তিনি। এতে বাফুফের পক্ষ থেকে জেলা ও বিভাগীয় ফুটবলের উন্নয়নে একগুচ্ছ প্রস্তাব দেওয়া হয়।

এ সভায় আরও উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী মোঃ সালাহ্উদ্দিন, বর্তমান জাতীয় সংসদের হুইপ ও বাফুফে ডিএফএ মনিটরিং কমিটির চেয়ারম্যান আলহাজ সামশুল হক চৌধুরী এমপি, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এমপি, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি, বাফুফে নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব এবং দেশের সকল জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতিবৃন্দ।

ক্রীড়ামন্ত্রী হওয়ার আগে থেকেই ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। সে প্রসঙ্গ টেনে মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেন, ‘জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের বিষয়টি আমার জানা। সংসদীয় কমিটির চেয়ারম্যান থাকাবস্থায় আমি এটা নিয়ে কাজ করেছি। ক্রীড়া প্রতিমন্ত্রী হয়ে এখন এই বিষয়ে আরও জোরালো ভূমিকা রাখব।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘জেলা সংগঠকরাও বলেছেন-জেলা পর্যায়ে বিভিন্ন এলাকায় ক্রিকেটের জন্য স্টেডিয়াম আছে। ফুটবলের জন্য কিন্তু আলাদা কোনো স্টেডিয়াম নেই এবং ফুটবলের জন্য জেলা স্টেডিয়ামের কখনো কখনো বরাদ্দ পায় না। আমরা প্রতিটি ডিএসএকে চিঠি দিয়ে জানাব, যাতে ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ে যখন তারা কোনো লিগ অথবা টুর্নামেন্ট আয়োজন করবে; সে সময়টুকু যাতে ডিএফএকে বরাদ্দ দেওয়া হয়।’

জেলা পর্যায়ে ফুটবলের অন্যতম সমস্যা আর্থিক পৃষ্ঠপোষকতা প্রসঙ্গেও কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘অর্থ ছাড়া ফুটবল চালানো যাবে না। অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় ক্রীড়ার অর্থের ব্যাপারে অতটা উদার ছিল না। এখন অর্থমন্ত্রী ক্রীড়াঙ্গনের ব্যক্তি হওয়ায় আমরা আশাবাদী। আমরা অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গেও এই বিষয়ে আলোচনা করব।’

বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সভাটিকে ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন। তিনি জানান বাফুফের পক্ষ থেকে ফুটবলের জন্য জেলা ও বিভাগীয় স্টেডিয়ামগুলোয় বছরে ন্যূনতম ৬ মাস বরাদ্দ, প্রতিটি জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের অনুকূলে বছরে ন্যূনতম ১২ লাখ টাকা করে আর্থিক অনুদান, অফিস রুম বরাদ্দসহ বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়।