বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে অক্সিজেনের অভাবে একজন রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মৃতের ক্ষুব্ধ স্বজনরা চিকিত্সক ও নার্সদের সঙ্গে দুর্ব্যবহার এবং একটি আইসিইউ মেশিনে আঘাত করে বলে পালটা অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃতের নাম মনিরুজ্জামান (৪০)। তার বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধানখালী এলাকায়।
মৃতের ভাই হাফিজুর রহমান জানান, গত ১০ জুলাই করোনা ওয়ার্ডে মনিরকে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। গতকাল শনিবার বিকাল সোয়া ৩টার দিকে রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে ওঠে। এ সময় রোগীর স্বজনরা তাকে বাঁচাতে ডাক্তার-নার্সের শরণাপন্ন হলেও সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন। রোগী মৃত্যুর জন্য প্রয়োজন অনুযায়ী অক্সিজেন সরবরাহ না থাকা এবং হাইফ্লো ন্যাজাল ক্যানোলা যথাযথভাবে কাজ না করাকে দায়ী করেন তিনি। এ ঘটনায় রোগীর স্বজনরা চিকিত্সক-নার্সদের সঙ্গে দুর্ব্যবহার এবং হাইফ্লো ন্যাজাল ক্যানোলায় আঘাত করেন বলে অভিযোগ করে চিকিত্সক ও নার্সরা। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন। এ সময় পুরো ঘটনা জেনে কোতোয়ালি থানার ওসি মো. নুরুল ইসলাম দায়িত্বরত ডাক্তার ও নার্সদের কাছে রোগীর স্বজনদের ক্ষমা চাইয়ে দিয়ে তাত্ক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
