আর্থ-সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, অর্থনৈতিক উত্স ও পর্যটনের অপার সম্ভাবনার অধিকারী দক্ষিণ চট্টগ্রাম। বাংলাদেশের সবচেয়ে বেশি পর্যটন অঞ্চল রয়েছে এখানে। পার্বত্য চট্টগ্রামের মেঘলা, নীলগিরি, নীলাচল, সমুদ্রসৈকত, সেন্ট মার্টিন দ্বীপ ও নারিকেল জিঞ্জিরাসহ রয়েছে নানান আকর্ষণীয় পর্যটন এলাকা। কিন্তু প্রকৃতির এই লীলাভূমিকে আচ্ছন্ন করে আছে সড়ক দুর্ঘটনা। আরাকান সড়কের উত্তরোত্তর সড়ক দুর্ঘটনা আজ জনজীবনকে আচ্ছন্ন করে ফেলেছে। একমুখী আরাকান সড়কে প্রতিনিয়ত চলে বাস, ট্রাক, মাইক্রোবাস ও দূরগামী যান। রাস্তার পরিধি যানের অনুপাতে নগণ্য। যানবাহনের আধিক্য, ওভারটেক ও বিপরীতগামী যানকে পাশ কাটিয়ে অতিক্রম করার সময় বেশিরভাগ দুর্ঘটনা ঘটে। এমনও হয়েছে একদিনে ৩৯ জনের মৃত্যু ঘটেছে এই আরাকান সড়কে। বর্তমানের আরাকান সড়কের এই দুরবস্থা পর্যটক এলাকার জন্য হুমকিস্বরূপ। পরিশেষে, একজন সচেতন নাগরিক হিসেবে জনসংখ্যার ঘনত্ব ও চলাচলকারী যানবাহনের অনুপাত ও রাস্তার পরিসর বিবেচনা করে সরকার এই সমস্যার সমাধানে আশু প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করছি।
এম এস আই সাজিদ
শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
