যোগাযোগব্যবস্থার উন্নয়ন সাধনে সরকারের চেষ্টার কোনো ত্রুটি নেই। রেলপথে আমাদের দেশের অধিকাংশ মানুষ যাতায়াত করে থাকেন। এজন্য সরকার নতুন রেললাইন, স্টেশন স্থাপন, ট্রেনের সংখ্যা বাড়ানোসহ রেলযাত্রীদের সেবার মানোন্নয়নে নানাবিধ পদক্ষেপ নিয়েছে। রাজধানীর সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগের জন্য প্রধানত কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশন ব্যবহার করা হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য—এ দুই রেলস্টেশনে সেবার মান খুবই নিম্ন। যাত্রী বেশি হওয়ায় এখানে যাত্রীদের হুড়োহুড়িও বেশি। মাঝে মাঝে ট্রেন লেট করলে যাত্রীদের বাধ্য হয়ে পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু স্টেশনগুলোতে বসার পর্যাপ্ত জায়গা না থাকা, যাত্রীদের অপেক্ষা করার কক্ষগুলোর যাচ্ছেতাই অবস্থা। রেলের বর্জ্য-আবর্জনাগুলো যথাযথভাবে পরিষ্কার না করায় চারদিকে বায়ুদূষণ মাত্রাতিরিক্ত। নিশ্বাস নিতে পর্যন্ত কষ্ট হয়। তাছাড়া শৌচাগারের ভয়াবহ অবস্থায় যাত্রীদের দুর্ভোগের শেষ থাকে না। অপেক্ষা-কক্ষের মানোন্নয়ন, চারদিকের সুস্থ পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শাহীন রহমান আরফিন
গণযোগাযোগ ও সাংবাদিকতা,
ঢাকা বিশ্ববিদ্যালয়
