রাজধানীর শিশুদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা শাহবাগের শিশুপার্ক বন্ধ থাকার কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শিশুদের জন্য বিনোদনের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। পছন্দসই খেলনা কিনতে বাবা-মায়ের সঙ্গে বাণিজ্য মেলায় ছুটছে শিশুরা। মেলায় দেশি-বিদেশি ব্র্যান্ডের রকমারি খেলনার আকর্ষণীয় পসরা সাজানো হয়েছে ডজনখানেক স্টলে। স্টলগুলোও সাজানো হয়েছে রঙ-বেরঙের সাজে, যা মেলায় আসা ছোট্ট সোনামণিদের খুব সহজেই নজর কাড়ছে। স্টলের সামনে গেলে মনে হবে, বনের ‘পশু’ আর জলের ‘প্রাণি’ যেন একসাথে আড্ডা দিচ্ছে স্টলে স্টলে। এদের সাথে যোগ দিয়ে সৌন্দর্য মেলেছে বনের ফুল-ফল।
খেলনার স্টলের সামনে থেকে পথ চলতেই শিশুরা অভিভাবকদের কাছে বায়না ধরছেন। শিশুর বায়না মেটাতে অনেকেই স্টলগুলোতে প্রবেশ করছেন। স্টলগুলোতে সব সময় ভিড় লেগেই থাকে। শিশুদের খেলনার বেশির ভাগ স্টল ঘুরে দেখা যায়, বাঘ, সাপ, গাড়ি, মোটরসাইকেল, ট্রেন, বাস, ট্রাকসহ পাওয়া যাচ্ছে বাহারি রঙের পুতুল। আছে কার্টুন, রোবট, পুতুল, বিমান আর হেলিকপ্টারসহ শিশুদের পছন্দের সব খেলনা। এসবের দাম ক্রেতাদের হাতের নাগালেই বলে দাবি বিক্রেতাদের।
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, ‘বিগ বাজার’ স্টলে শিশুদের সব ধরনের খেলনা বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। পাওয়া যাচ্ছে প্লাস্টিকের তৈরি হাঁস, বারবি সাইকেল, হটরেসিং, কুমির, পোকা, বিছাসহ নানা খেলনা। ‘রূপালী বিডি’ নামক স্টলের সামনে ঝুলছে ভালোবাসার প্রতীক ‘লাভ’। বিক্রেতা সুমন বলেন, সচরাচর সবাই না কিনলেও ‘গিফট আইটেম’ হিসেবে কিনছেন তরুণরা। ৪ থেকে ৫শ টাকায় বিক্রি হচ্ছে।
মেলায় ‘বেস্ট বাই’ শিশুদের নানা ধরনের খেলনা বিক্রি করছে। এখানে ২৫ পিসের এক ব্যাগ বেবি ডাক বিক্রি হচ্ছে ২৫০ টাকা। ১৭৫ থেকে ২৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে শিশুদের খেলনা গাড়ি। শিশুদের জন্য মজার মজার খেলনা নিয়ে এসেছে টোনাটুনি। ফাদার টেক্সটাইলে পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রকারের কাপড়ের তৈরি ডল। বাঘ, খরগোশ, পান্ডা, কিড, তিমি, ডলফিন, কুকুর, বিড়ালসহ পরিচিত প্রাণিদের আদলে তৈরি এসব ডল। শিশুদের পাশাপাশি তরুণরাও কিনছে এসব। দাম ২০০ টাকা থেকে ৭ হাজার টাকার মধ্যে। অন্যদিকে হোম টেক্সটাইলের স্টলেও পাওয়া যাচ্ছে পান্ডা, কচ্ছপ, কুমির, হাঁসসহ বিভিন্ন প্রাণির ডল। দাম ৪শ টাকা থেকে ২ হাজার ২৫০ টাকা পর্যন্ত। এছাড়া ২শ টাকা থেকে ৪ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে নানা ধরনের শোপিস।
