ইত্তেফাক রিপোর্ট
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কোনো ধরনের অনুদান, প্রণোদনা, সহায়তা করোনার সময়ে বরাদ্দ হয়নি বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট বিজ্ঞজন। তাঁরা বলেন, এমনকি করোনার টিকা পাওয়ার বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়নি তাঁদের জন্য। অথচ প্রতিবন্ধী ব্যক্তিরা বিশেষভাবে ঝুঁকিতে রয়েছেন।
গত শনিবার সন্ধ্যায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সংসদীয় স্থায়ী কমিটি ও ডিজঅ্যাবলড পিপলস অর্গানাইজেশন নিয়ে একটি অনলাইন সংলাপের আয়োজন করে ডিআরআরএ। এ সময় তাঁরা এসব কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আরমা দত্ত, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, শবনম জাহান ও কাজী কানিজ সুলতানা। সভাপতিত্ব করেন ডিআরআরএর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন এবং সঞ্চালনা করেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। সংলাপের শুরুতে ধারণাপত্র উপস্থাপন করেন ফরিদা ইয়াসমিন।
ধারণাপত্রের আলোকে আলোচনায় অংশ নেন আফিয়া কবীর আনিলা, আশরাফুন নাহার মিষ্টি, সালমা মাহবুব, বদিউল আলম ও উজ্জ্বল হোসেন।
বক্তরা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অনেকেই কর্মসংস্থান হারিয়েছেন, স্বাস্থ্যসেবা নিয়মিত পাচ্ছেন না। বিশেষ শিক্ষা কার্যক্রমও বন্ধ। ফলে মানবেতর জীবন যাপন করছেন তাঁরা।
অন্যান্য সব সেক্টরে যেমন বিশেষ নজর দেওয়া হচ্ছে, প্রতিবন্ধী ব্যক্তিদের বেলায় তেমন দেওয়া হচ্ছে না বলে প্রতিবন্ধী ব্যক্তিদের কেউ কেউ অভিমত ব্যক্ত করেন। তাঁরা প্রতিবন্ধীবান্ধব প্রধানমন্ত্রীর কাছে তাঁদের বিষয়টি উপস্থাপনের জন্য সংসদীয় কমিটির কাছে সুপারিশ করেন।
