বিএসটিআইয়ের অভিযানে চার হাজার জার ধ্বংস

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১০

বিএসটিআই’র (বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন) অনুমোদন গ্রহণ না করে রাজধানীর বিভিন্ন এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের জারে পানি বিপণনকালে প্রায় ৪ হাজার জার জব্দ করে তা ধ্বংস করা হয়েছে। পাশাপাশি বিপণনে ব্যবহার হওয়া যন্ত্রপাতিও ধ্বংস করা হয়। গতকাল মঙ্গলবার রমনা, ফকিরেরপুল, বঙ্গবাজার, মতিঝিল, কাপ্তানবাজার, নবাবপুর, ইংলিশ রোড ও বাবুবাজার ব্রিজ সংলগ্ন এলাকা, কেরানীগঞ্জের কদমতলী ও শহীদনগর এলাকায় আকস্মিক অভিযান চালিয়ে এসব জার জব্দ করা হয়।

বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ না করে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে ঢেউটিন উত্পাদন এবং বিক্রিরও প্রমাণ পেয়েছে অভিযান পরিচালনাকারী দল।

বিএসটিআই’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে একইদিন ৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএসটিআই। রাজধানীর মিরপুর এলাকায় বিএসটিআই’র এ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হলো কাজীপাড়ায় কাসারিকা ফার্নিসিং পর্দার দোকান, ডি গ্যালারি, মোহাম্মদ ফল ভান্ডার, বনফুল এন্ড কোং, মিরপুর-২ এর বড়বাগ বাজার এলাকার হক বেকারি এন্ড সুইটস, মিরপুর-১০ নম্বর এলাকার জনতা ফুডস স্টোরসহ আরো একটি ফলের দোকান। এসব প্রতিষ্ঠানে ওজনে কারচুপি ও সঠিক পরিমাপক যন্ত্র ব্যবহার না করার অভিযোগ আনা হয়।