করোনায় আক্রান্ত হয়ে কুষ্টিয়া-১ আসনের (দৌলতপুর) সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ (৯৫) মারা গেছেন। গত শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দৌলতপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুনসহ তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। এর আগে গত ৮ জুলাই করোনায় আক্রান্ত হয়ে তার স্ত্রী মনোয়ারা বেগম আলো মারা যান।
করোনায় আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিত্সার জন্য ২৩ জুন কুষ্টিয়া থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি ও তার স্ত্রী। পরবর্তী সময়ে আফাজ উদ্দিন আহমেদকে ঢাকার হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল রবিবার বাদ আসর দৌলতপুরের তারাগুনিয়া ফুটবল মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুব-উল আলম গভীর শোক প্রকাশ করেন। এছাড়া কুষ্টিয়া-১ আসনের এমপি অ্যাডভোকেট আ কা ম সরওয়ার জাহান বাদশা এবং কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আজগর আলী শোক প্রকাশ করেন।
