বকেয়া বেতনসহ চাকরি স্থায়ীকরণ অথবা পরবর্তী প্রকল্পে স্থানান্তরের দাবিতে ঘোষিত অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন অতিরিক্ত শ্রেণি শিক্ষকরা (এসিটি)। গতকাল তৃতীয় দিনের মতো এই কর্মসূচি করছেন তারা। সংগঠনের নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন। এডিশনাল ক্লাস টিচার্স অ্যাসোসিয়েশন-এসিটি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদাতুল মুঈদ জানিয়েছেন, আমরা বকেয়া বেতনসহ চাকরি স্থায়ীকরণ, অথবা পরবর্তী প্রকল্পে স্থানান্তরের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করছি। দাবি না আদায় হওয়া পর্যন্ত এখানে আমরা অবস্থান করবো।
আন্দোলনকারী শিক্ষকরা জানিয়েছেন, ২০১৭ সালের ডিসেম্বরে শেষ হওয়া সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্টে (সেকায়েপ) নিয়োগ পাওয়া অতিরিক্ত শ্রেণি শিক্ষকদের চাকরি স্থায়ী করার আশ্বাস দেয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। এ কারণে পাঁচ হাজার শিক্ষকের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি বলেন, প্রকল্প শেষ হওয়ার পরও মৌখিক আশ্বাসে ক্লাস করে আসছি। চাকরি স্থায়ীকরণের দাবিতে কয়েকদফা মানববন্ধন করেছি। আশ্বাস অনুযায়ী মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে নতুন প্রকল্প এসইডিপিতে সেকায়েপের বিভিন্ন কম্পোনেন্টের কার্যক্রম চালু হলেও এসিটিদের চাকরি স্থায়ী করার কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
