জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা এইচএম এরশাদ যে কোনো সময় সংসদ অধিবেশনে যোগ দেবেন বলে জানিয়েছেন দলের কো-চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। গতকাল মঙ্গলবার রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্য প্রার্থীদের সাক্ষাত্কার গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। উল্লেখ্য, চিকিত্সা শেষে ১৫ দিন পর সিঙ্গাপুর থেকে সোমবার রাতে দেশে ফিরেছেন এরশাদ।
জিএম কাদের বলেন, বিরোধিতার নামে জাপা কখনো ধংসাত্মক রাজনীতি করবে না। তবে সংসদে এবং রাজপথে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে। তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাত্কার গ্রহণ শেষে মনোনয়ন বোর্ড একটি তালিকা পার্টির চেয়ারম্যানের হাতে তুলে দেবে। এসময় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, মনোনয়ন বোর্ডের সদস্য এবং পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, এ্যাড. শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম চৌধুরী, লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। মোট ৫৮ জন নারী প্রার্থীর মধ্যে গতকাল ২৮ জনের সাক্ষাত্কার গ্রহণ করা হয়েছে। আজ বুধবার বাকিদের সাক্ষাত্কার গ্রহণ করা হবে।
মসিউর রহমান রাঙ্গা বলেন, উপজেলা নির্বাচনে জাপার আগ্রহী প্রার্থীদের মাঝে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে। সুষ্ঠু নির্বাচন হলে জাপা মনোনীত অনেক প্রার্থীই নির্বাচনে বিজয়ী হবেন। তবে স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা এবং দলের জন্য অবদান বিবেচনা করেই উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে।
