সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু

আপডেট : ১৯ জুলাই ২০২১, ২১:৪১

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। রবি ও সোমবার এসব পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

গুরুদাসপুর (নাটোর):গুরুদাসপুর পৌর সদরের উত্তরনাড়িবাড়ি এলাকায় সোমবার বিকেল ৩টার দিকে ট্রাক চাপায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত নাজমুল হাসান পৌর সদরের চাঁচকৈড় কাচাড়িপাড়া মহল্লার গোলজার হোসেনের ছেলে। গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

সেনবাগ (নোয়াখালী): সেনবাগ উপজেলায় সোমবার দুপুরে সড়ক দূর্ঘটনায় চৌধুরী নামের এক খুচরা বাদাম বিক্রেতার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ছাতারপাইয়া-চৌমুহনী সড়কের দক্ষিণ ছাতারপাইয়া এলাকায়। সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা জানান, দক্ষিণ ছাতারপাইয়া এলাকায় সিএনজি অটোরিকশা চাপায় বাদাম বিক্রেতার মৃত্যু হয়েছে।

সদরপুর (ফরিদপুর):সদরপুর উপজেলায় সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মোটর সাইকেল চাপায় পথচারী এক কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম আকমত মোল্যা। গোয়ালন্দ-তাড়াইল বাইপাস সড়কের মল্লিক বাড়ি ঘাট নামক স্থানে এ দুঘৃটনা ঘটে। সদরপুর থানার ওসি সুব্রত গোলদার বিষয়টি নিশ্চিত করেছেন।

টেকেরহাট (মাদারীপুর):রাজৈরে গরু বোঝাই ট্রাকের চাপায় ফিরোজ আলম নামের একজন মারা গেছেন। রবিবার রাত ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর বাসষ্ট্যান্ড গোল চত্তরে এ ঘটনা ঘটে। মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।