করোনার কারণে লম্বা সময় মাঠের বাইরে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। গত কয়েক মাসে অনেকগুলো দ্বিপাক্ষিক সিরিজের দিনক্ষণ ঠিক হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত করোনার ধাক্কায় স্থগিত হয়েছে যুব দলের খেলা। অবশেষে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে আকবর আলীদের উত্তরসূরিরা।
সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান যুব দল। পাঁচটি ওয়ানডে ও একটি চার দিনের ম্যাচ খেলতে ৩১ আগস্ট ঢাকায় আসার কথা রয়েছে আফগানদের। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে সিরিজটি খেলবে দুই দল। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপ।
বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশ-আফগানিস্তান যুবাদের সিরিজটি অনুষ্ঠিত হবে সিলেটে। জৈব সুরক্ষা বলয়ে থাকবে দুই দল। নবগঠিত বাংলাদেশ যুব দলের এটিই হবে প্রথম সিরিজ।
বিশ্বকাপের আগে বাংলাদেশ যুব দলকে অন্তত ২০-২৫টি ওয়ানডে খেলানোর পরিকল্পনা করছে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ। যদিও করোনার বাস্তবতায় লক্ষ্য পূরণ কঠিন হবে।
