প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে গতকাল সোমবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেন এবং বাংলাদেশসহ বিশ্বের সব মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানান।
শেখ হাসিনা বলেন, হজরত ইব্রাহিম (আ.) মহান আল্লাহর উদ্দেশে প্রিয় বস্তুকে উত্সর্গ করার মাধ্যমে তার সন্তুষ্টি লাভের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। প্রতি বছর এ উত্সব পালনের মধ্য দিয়ে সচ্ছল মুসলমানগণ কোরবানিকৃত পশুর গোশত আত্মীয়স্বজন ও গরিব-দুঃখীর মধ্যে বিলিয়ে দিয়ে মানুষে-মানুষে সহমর্মিতা ও সাম্যের বন্ধন প্রতিষ্ঠা করেন। শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় ঈদুল আজহা।
আমরা এক সংকটময় সময়ে ঈদুল আজহা উদ্যাপন করছি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাস সমগ্র বিশ্বকে স্থবির করে দিয়েছে। সরকার এ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমরা জনগণকে সব সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছি।’
এই বিপদের সময় স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স, পুলিশ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, সাংবাদিক, ব্যাংকার ও পরিচ্ছন্নতাকর্মীসহ যারা জীবন বাজি রেখে মানুষের সেবা করে যাচ্ছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
প্রধানমন্ত্রী এই মহামারিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত স্থানে পশু কোরবানি করার অনুরোধ জানিয়ে বলেন, ‘পাশাপাশি আমরা যেন ঘরে পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করি এবং আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া করি যেন এই সংক্রমণ থেকে আমরা সবাই দ্রুত মুক্তি পাই।’
ভয়েস রেকর্ডে ঈদের শুভেচ্ছা
জানাচ্ছেন প্রধানমন্ত্রী
করোনার চলমান পরিস্থিতিতে ভয়েস রেকর্ডের মাধ্যমে মোবাইল ফোনে জনে জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছেন। ৩৮ সেকেন্ডের একটি ভয়েস রেকর্ডে কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান তিনি।
ভয়েস রেকর্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আসসালামু আলাইকুম, শেখ হাসিনা বলছি। বছর ঘুরে আমাদের মাঝে আবার এসেছে পবিত্র ঈদুল আজহা। করোনা ভাইরাস মহামারির এই দুঃসময়ে সব আঁধার কাটিয়ে ঈদুল আজহা আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।
আসুন কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। আপনাকে ও আপনার পরিবারের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। করোনা ভাইরাস রোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুস্থ থাকুন। নিরাপদে থাকুন। ঈদ মোবারক।’
