কুষ্টিয়ায় ইউনানী (হারবাল) ওষুধ সেবনের পর বিষক্রিয়ায় শিশুসহ দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। রবিবার রাতে জেলার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের খাড়াড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো খাড়াড়া গ্রামের নবাব আলীর মেয়ে শামীমা (৯) ও একই গ্রামের পলান শেখের ছেলে নুর মোহাম্মদ (৫০)। ওষুধ সেবনের পর গুরুতর অসুস্থ হয়ে পড়া নবাব আলীকে (৫৫) কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ওষুধের দোকানদার রাজিবকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, খাড়াড়া গ্রামের নুর মোহাম্মদ, নবাব আলী ও তার শিশু কন্যা শামীমা কাশি নিবারণের জন্য কেনা নবীন ল্যাবরেটরি, ঢাকা, বাংলাদেশ-এর উত্পাদিত মেরী গোল্ড ইউনানী সিরাপ সেবন করে। সিরাপ সেবনের পর রবিবার রাত সাড়ে ১০টার দিকে পর্যায়ক্রমে তারা সবাই অসুস্থ হয়ে পড়ে। শামীমাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নুর মোহাম্মদকে কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই মাফিজ জানান, শিশু শামীমার মা মালেকা খাতুন বাদী হয়ে মিরপুর থানায় মামলা করেছেন। পুলিশ ওষুধ বিক্রেতা দোকানি রাজিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। মৃতদের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।
