চলমান চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স হ্রাস করে তিন বছরে রূপান্তরে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ বন্ধ, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড-২০২০-এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন ও অধিকার হরণ সংক্রান্ত সংজ্ঞা ও বিভিন্ন ধারা সংশোধন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী স্পেশাল ইনক্রিমেন্ট প্রদানসহ অন্যান্য দাবিতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ। গতকাল সোমবার সকালে শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী, গণপূর্ত প্রতিমন্ত্রীর কাছে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।
সংগ্রাম পরিষদের সদস্য সচিব মির্জা এ টি এম গোলাম মোস্তফা ও যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, কামরুজ্জামান নয়ন, আব্দুল মান্নান, সৈয়দ মুন্তাসীর হাফিজ, যুগ্ম সদস্য সচিব জাফর আলী সিকদার, মমিনুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
