আগৈলঝাড়ায় পানির অভাবে খাল শুকিয়ে জমির চাষাবাদ বন্ধ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৭

চলতি ইরি-বোরো মৌসুমে পানি সেচ দিতে না পেরে আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নের তিনটি ইরি ব্লকের অন্তত ২শ’ একর জমির চাষাবাদ বন্ধ রয়েছে। ফলে ওই সকল ব্লকের জমির মালিক ও চাষিরা তাদের পরিবারের খাদ্য যোগান নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। 

সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত চাষিরা জানান, গৈলা ইউনিয়নের রথখোলা থেকে ভদ্রপাড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার খাল ভরাট হয়ে গেছে। ফলে সেচের জন্য পানির অভাবে গৈলা গ্রামের ইরি ব্লক ম্যানেজার সিরাজ সরদার, শুকলাল মন্ডলের ব্লকের জমি চাষাবাদ বন্ধ রয়েছে। এর সাথে চলতি মৌসুমে একই এলাকার আরেক ব্লক ম্যানেজার সেলিম সরদারেরও ইরি ব্লকের জমিতে পানির অভাবে চাষাবাদ করতে পারছে না।

এছাড়াও ওই এলাকার আশপাশের ব্লকগুলোর খাল শুকিয়ে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ব্লকের দায়িত্বে থাকা গৈলা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাফর ইকবাল খালে পানি সংকটের সত্যতা স্বীকার করে বলেন, তার আওতায় শুধুমাত্র সাত হেক্টরের জমির চাষাবাদ বন্ধ রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন বলেন, চাষের সময় প্রধান খালে বাঁধ দেওয়া হলেও তা কেটে দেওয়া হয়েছে। পলি পড়ে খাল ভরাট হওয়ায় খাল পুনঃখননের প্রয়োজনের কথা উল্লেখ করে ওই এলাকা প্রায় ৫০ একর জমিতে চাষাবাদ হচ্ছে না বলে স্বীকার করেন তিনি।