গাজীপুরে ওষুধের দোকান থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট : ২০ জুলাই ২০২১, ০০:৫০

গাজীপুরে একটি ওষুধের দোকানের ভেতর থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে মহানগরীর চান্দনা চৌরাস্তাসংলগ্ন ঊনিশে টাওয়ারের নিচ তলায় জাবিন মেডিক্যাল হল নামের ওষুধের দোকান থেকে ঐ দোকানের মালিকের লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম কামরুল ইসলাম (৩৮)। তিনি নরসিংদীর মাধবদী থানার রহিমদি গ্রামের মৃত মাহবুবুর রহমানের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে বাসন থানার ওসি মালেক খসরু খান জানান, মালিক কামরুল ইসলাম তার দোকানের ভেতরেই রাতে ঘুমাতেন। শনিবার বেচাকেনা শেষে রাতে দোকানের ভেতরেই তিনি ঘুমিয়ে পড়েন। রবিবার সকালে আশপাশের দোকানদারগণ তার দোকানের সাটারের নিচ দিয়ে প্রস্রাব বের হতে দেখেন। এ সময় তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে সাটার ভেঙে ঐ ব্যবসায়ীকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে—রাতে স্ট্রোক করে তিনি মারা গেছেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।