স্পোর্টস রিপোর্টার
প্রিমিয়ার ফুটবল লিগ শুরু হবে ৩০ নভেম্বর। ৮ ভেন্যুতে খেলা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটা হবে কি-না তা নিয়ে আশঙ্কা রয়েছে। কারণ এরই মধ্যে চট্টগ্রাম আবাহনী বাফুফের কাছে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে তারা এখনই নিজেদের ভেন্যুতে খেলতে পারছে না। নিজেদের ভেন্যু এমএ আজীজ স্টেডিয়ামে পুরো সময়ের জন্য পাচ্ছে না চট্টগ্রাম আবাহনী। লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী জানিয়েছেন একটু সমস্যা রয়েছে চট্টগ্রাম এমএ আজীজ স্টেডিয়ামে। গতকাল দুপুরে বাফুফের ফুটবল লটারি বিজয়ীদের পুরস্কার বিতরণের পর বাফুফে ভবনে নিজের রুমে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছিলেন সালাম মুর্শেদী। সাবেক এই ফুটবলার লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি চট্টগ্রাম আবাহনীর ভেন্যু প্রসঙ্গে বলছিলেন চট্টগ্রাম আবাহনী এখন নিজেদের ভেন্যুতে খেলতে পারবে না। তারা মাঠ পাচ্ছে না। চট্টগ্রাম আবাহনীর সূত্রের দাবি এমএ আজীজ স্টেডিয়ামে অন্য খেলার জন্য মাঠ ছাড়তে হবে। চট্টগ্রাম আবাহনীর এমন দাবি মেনে নিয়েছে লিগ কমিটি। অথচ ভেন্যু নির্ধারণের আগেই বলা হয়েছিল তিন বছর পর্যন্ত ভেন্যু নিয়ে কোনো সমস্যা হবে না, এমন নিশ্চয়তা পেয়ে দেশের বিভিন্ন স্থানে ভেন্যুর অনুমোদন দিয়েছে লিগ কমিটি। কিন্তু এখন লিগ শুরু হওয়ার আগে চট্টগ্রাম আবাহনীর এমন পিছুটান অন্যান্য ক্লাবগুলোকে হতাশ করেছে। কয়েকটি ক্লাবের দাবি এখন চট্টগ্রাম আবাহনী ঢাকায় অবস্থান করে খেলতে চায়। তারা অনেক আগ থেকেই ঢাকায় ফুটবল ক্যাম্প করে আসছে।
লিগের খেলা শুরু হওয়ার আগেই যদি নিজেদের ভেন্যুতে খেলতে গড়িমসি করে ক্লাব তাহলে আবার হয়ত প্রিমিয়ার ফুটবল লিগ ঢাকা কেন্দ্রিক হয়ে পড়তে পারে। ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন। তার এক মাস আগেই মাঠে গড়াতে যাচ্ছে প্রিমিয়ার লিগের একাদশ আসর। নির্বাচনের ডামাডোলের মধ্যে ক্লাবগুলো রাজধানীর বাইরে গিয়ে খেলবে। যাওয়া-আসা নিয়ে রয়েছে শঙ্কা। স্টেডিয়ামে খেলা চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা কতটুকু থাকবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। সালাম মুর্শেদী জানিয়েছেন তারা সঠিক সময়ে ব্যবস্থা গ্রহণ করবেন। স্থানীয় ফুটবল প্রতিষ্ঠান ডিএফএ রয়েছে তারাও সহযোগিতা করবে বলে কাল জানালেন সালাম মুর্শেদী। এই কর্মকর্তার দাবি সবকিছু ঠিকঠাক মত এগিয়ে যাচ্ছে আমরা সঠিকভাবে কাজ করছি আশাকরি সমস্যা হবে না। আর যদি কোনো সংকট দেখা দেয় তাহলে সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানিয়েছেন আজ লিগ কমিটির সভা রয়েছে। এই সভায় লিগের স্পন্সরসহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে।
