অর্থাভাবে রাবি শিক্ষার্থীর লেখাপড়া অনিশ্চিত

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৯

অর্থাভাবে থমকে যেতে বসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেধাবী শিক্ষার্থী ছন্দা রানীর লেখাপড়া। তিনি ২০১৮-১৯ সেশনে বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শিবরাম গ্রামের মৃত ডাবলু সরকারের তিন মেয়ের মধ্যে ছন্দাই বড়। এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেলেও অর্থ সংকটে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়তে পারেননি ছন্দা। বাধ্য হয়েই মানবিক বিভাগে ভর্তি হন এবং বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখা শুরু করেন। স্বপ্ন দেখেন পড়াশুনা শেষ করে বিসিএস ক্যাডার হয়ে পরিবারের হাল ধরার। কিন্তু অর্থ সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষেই যেন ভেস্তে যেতে বসেছে তার সব স্বপ্ন।

ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. হাবিবুর রহমান বলেন, ছন্দার সাথে আমার কথা হয়েছে এবং খোঁজ নিয়ে জেনেছি তার পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। এখানে চলার মতো সর্বনিম্ন তিন হাজার টাকা দেওয়া তার পরিবার থেকে কোনোভাবেই সম্ভব নয়। আমরা যদি সবাই মিলে মেয়েটিকে একটু সাহায্য করি তাহলে সে তার স্বপ্ন পূরণ করতে পারবে। ছন্দা রানীকে সাহায্য পাঠানোর ঠিকানা: ডাচ বাংলা ব্যাংক, একাউন্ট নম্বর-০১৭৯১২০১৫৫১০।