আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভায় স্থানীয়ভাবে দলীয় প্রার্থীদের নামের তালিকা তৈরি করা হয়েছে। আওয়ামী লীগের উপজেলা কমিটির সভায় স্থানীয়ভাবে আওয়ামী লীগের প্রার্থী তালিকা প্রস্তুত হয়েছে।
বর্তমানে এসব তালিকা জেলা আওয়ামী লীগের হাতে রয়েছে। এসব তালিকায় একজন থেকে সাতজন পর্যন্ত প্রার্থীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এ তালিকা পরবর্তীতে কেন্দ্রে পাঠাবেন বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট।
সোমবার পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট প্রধান অতিথি ছিলেন। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে চারজন প্রার্থীর নামের তালিকা তৈরি করা হয়।
প্রার্থীরা হলেন— পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাসুদ পারভেজ হিটলার, অমরখানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান নুরু ও চাকলাহাট ইউপি চেয়ারম্যান আবু আহসান ফরহাদ।
তবে গত ২ ফেব্রুয়ারি পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের অপর একটি অংশের সভা অনুষ্ঠিত হয়। সভায় পঞ্চগড় সদর উপজেলা পরিষদ নির্বাচনে পৃথকভাবে চারজন চেয়ারম্যান প্রার্থীর নামের তালিকা তৈরি করা হয়। তারা হলেন— জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারোয়ার বকুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব ও সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস প্রামাণিক।
গত ২৯ জানুয়ারি বোদা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলা চেয়ারম্যান পদে বোদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক আলম টবি ও সাকোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাকোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজের নামের তালিকা তৈরি করা হয়।
গত ১ ফেব্রুয়ারি আটোয়ারী মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত সভায় উপজেলা চেয়ারম্যান পদে আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম এবং ২ ফেব্রুয়ারি দেবীগঞ্জ টি জেড বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা চেয়ারম্যান পদে দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম নুরুজ্জামান, সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসনাত্জ্জামান চৌধুরী জজ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী, বর্তমান ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকার, জেলা পরিষদের সদস্য হারুন অর রশিদ, আওয়ামী লীগ নেতা মকলেছুর রহমান হেলাল ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতির নামের তালিকা তৈরি করা হয়।
গত ৩ ফেব্রুয়ারি জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের সভায় তৈরিকৃত তালিকায় তেঁতুলিয়া উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন— সাবেক মহিলা সাংসদ ফরিদা আখতার হীরা, তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আলী মণ্ডল, সাধারণ সম্পাদক কাজী মাহামুদার রহমান ডাবলু, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আনিছুর রহমান ও সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ করিম সিদ্দিকী।
