জেগে উঠছে নেদারল্যান্ডস

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২১:২৩

স্পোর্টস ডেস্ক

রাশিয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ নেদারল্যান্ডস ধীরে ধীরে পুরনো কক্ষপথে ফেরার ইঙ্গিত দিচ্ছে। উয়েফা নেশন্স লিগে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছে নতুন চ্যালেঞ্জ নেয়া কোচ রোনাল্ড কোম্যানের শিষ্যরা। এই জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে যাওয়ার পথে একধাপ এগোলো ডাচরা।

তবে কপাল পুড়েছে জার্মানীর। নেশন্স লিগ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে তাদের। ম্যাচটি হেরে ফ্রান্সও পড়ে গেছে গ্যাঁড়াকলে। গ্রুপ সেরা হওয়াটা এখন আর নিজেদের হাতে নেই বিশ্বচ্যাম্পিয়নদের। সোমবার রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে জার্মানীর খেলাটির দিকে তাকিয়ে থাকতে হবে কোচ দিদিয়ের দেশমের শিষ্যদের। 

ইনজুরি সমস্যার কারণে এই ম্যাচে স্যামুয়েল উমতিতি এবং পল পগবাকে পাননি ফ্রান্স কোচ। বদলে কিম্পেম্বে এবং স্টিভেন এনজঞ্জিকে একাদশে জায়গা করে দেন দেশম। ম্যাচের শুরু থেকেই ফরাসিদের চেপে ধরা ডাচরা এগিয়ে যায় প্রথমার্ধের ঠিক শেষ দিকে। রক্ষণ থেকে এনজঞ্জি একটি বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে তা পেয়ে যান ফাঁকায় থাকা ডাচ ফরোয়ার্ড রায়ান বাবেল। সেখান থেকে তার শট রুখে দেন ফরাসি গোলরক্ষক হুগো লরিস। তবে ফিরতি শটে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন জর্জিনহো ওয়াইনালডম।

এগিয়ে গিয়ে আক্রমণের ধার আরো বাড়ায় কোম্যানের দল। তবে নেদারল্যান্ডস আর দুই গোলের অগ্রগামিতার মাঝে দেয়াল হয়ে দাঁড়ান ফ্রান্স অধিনায়ক লরিস। ম্যাচ শেষে তার নামের পাশে নয়টি সেভ তারই সাক্ষ্য দিচ্ছে। তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ডাচদের জয় নিশ্চিত করে ফেলেন মেম্ফিস ডিপাই।

এই জয়ের ফলে গ্রুপ সেরা হবার পথ অনেকটাই সুগম হয়ে গেছে কোম্যানের শিষ্যদের। ফ্রান্স থেকে গোল ব্যবধানে এগিয়ে থাকায় নিজেদের শেষ ম্যাচে জার্মানীর বিপক্ষে একটি ড্র-ই তাদের লিগ এ গ্রুপ ওয়ানের চ্যাম্পিয়ন করে দিতে পারে। কিন্তু হেরে গেলে ফ্রান্সই হবে গ্রুপ সেরা।

গ্রুপের শীর্ষে থাকা দল সেমিফাইনাল তো খেলবেই, পাবে কিছু বাড়তি সুবিধাও। যদি গ্রুপ চ্যাম্পিয়নরা ইউরো বাছাই উতরাতে ব্যর্থ হয় সেক্ষেত্রে ২০২০ ইউরোর প্লে অফে খেলার সুযোগ পাবে। এদিকে ডেনমার্কের কাছে ২-১ গোলে হেরে লিগ বি থেকে উত্তরণের আশা শেষ হয়ে গেছে ওয়েলসের। নিকোলাই জর্গেনসেন এবং মার্টিন ব্র্যাথওয়েইটের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল ডেনমার্কই। ৮৯ মিনিটে গ্যারেথ বেলের গোলে ব্যবধান কমালেও সমতায় আর ফিরতে পারেনি কোচ রায়ান গিগসের দল।