তিন মাস পর আবারো প্রেক্ষাগৃহে ফিরছেন বাপ্পী চৌধুরী। শুক্রবার মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘দাগ হূদয়’। গতবছরের অক্টোবরে সর্বশেষ তার অভিনীত ‘নায়ক’ মুক্তি পেয়েছিল। কিন্তু ছবিটি ব্যবসা করতে পারেনি একদমই। গতবছরের ভুল শুধরে নতুন বছর সফলতা নিয়ে শুরু করতে চান এই অভিনেতা। বাপ্পী বলেন, ‘ভালোবাসার মাসে ভালোবাসার ছবি দিয়েই নতুন বছর শুরু হচ্ছে আমার। আমার বিশ্বাস, ছবিটি দেখে আমার প্রতি দর্শকদের ভালোবাসাটা আরো বাড়বে। কারণ, সিনেমাটি একটি পরিচ্ছন্ন গল্পে নির্মিত। এ কারণে সবারই পছন্দ হবে।’ বাপ্পীর বিপরীতে দাগ হূদয়ে ছবিতে অভিনয় করেছেন নায়িকা বিদ্যা সিনহা মীম। পরিচালনা করেছেন চাষী নজরুল ইসলামের প্রধান সহকারী পরিচালক তারেক শিকদার। এই চলচ্চিত্রে বাপ্পীকে লন্ডন থেকে আসা একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
ছবিটির কাহিনি লিখেছেন কামাল আহমেদ। সংলাপ ও চিত্রনাট্য করেছেন মোহাম্মদ রফিকুজ্জামান। এর আগে বাপ্পী-মীমকে সুইটহার্ট, আমি তোমার হতে চাই, দুলাভাই জিন্দাবাদ ছবিতে জুটি হিসেবে দেখা গেছে। ত্রিভুজ প্রেমের এই ছবিতে আরো দেখা যাবে নায়িকা আঁচল আঁখিকে।
