তারকাদের লড়াইয়ের শেষটা কী হবে!

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৪

একে একে অনুষ্ঠিত হলো ৬৬টি পর্ব। পর্বগুলোতে দুই বাংলার অসংখ্য অভিনেত্রীর মন দোলানো নাচের দেখা মিলেছে। অবশেষে ঘনিয়ে এলো প্রতিযোগিতার মহেন্দ্রক্ষণ। তারার লড়াইয়ের শেষটা কী হবে—এটি চট করে সহজে বলে ফেলাটা মুশকিল। তাই চোখ রাখতে হবে ৩ দিনব্যপী গ্র্যান্ড ফিনালেতে।

অনুষ্ঠানের শেষ অধ্যায়ে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন টিভি অভিনেত্রী ইশানা, ভাবনা, জান্নাতুল ফেরদৌস পিয়া, স্পর্শিয়া, অমৃতা ও সাফা কবির। আর কলকাতা থেকে রিমঝিম, সোহিনী, এনা সাহা, লাভলী, তিথি ও প্রীতি। নাগরিক টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু জানান, দর্শকনন্দিত এই অনুষ্ঠানটির গ্র্যান্ড ফিনালের সূচনা অধ্যায়টি প্রচার হবে আজ রাত ১০টায়। কাল একই সময়ে থাকবে এর দ্বিতীয় অংশ। আর শুক্রবার রাত ১০টায় থাকছে সেই চূড়ান্ত ক্ষণ। যার জন্য প্রতিযোগিতায় অংশ নেওয়া তারকারা ধৈর্য্য, ত্যাগ আর প্রস্তুতি নিয়ে অপেক্ষার প্রহর গুনেছিলেন। এদিন রাতেই জানা যাবে কোন দল বিজয়ী হচ্ছে, কিংবা সেরা পারফর্মারই বা কারা হচ্ছেন, সে ফলাফল।

কামরুজ্জামান বাবু বলেন, ‘ফাইনাল পর্বগুলোয় বাংলাদেশ থেকে অতিথি বিচারক হিসেবে আছেন অভিনেতা তৌকীর আহমেদ, অপরদিকে কলকাতা থেকে শ্রীলেখা মিত্র। শোয়ের বিভিন্ন অংশে কথা বলবেন নাগরিক টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুন নূর তুষারসহ যাদের পৃষ্ঠপোষকতায় বিগ এই শোটি করা সম্ভব হয়েছে সেসব প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।’ বাংলাদেশ ও কলকাতার টেলিভিশন ও চলচ্চিত্রশিল্পীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে এবং উভয় বাংলার সংস্কৃতির ঐতিহ্যের ধারা দুই বাংলার টেলিভিশন দর্শকদের মাঝে তুলে ধরার জন্যই ‘বাজলো ঝুমুর তারার নূপুর’ আয়োজন করা হয়। দুই দেশের শিল্পীদের অংশগ্রহণে নাচের এমন অনুষ্ঠান এর আগে হয়নি। নাগরিক টিভিই এই প্রথম দুই দেশের শিল্পীদের নিয়ে কোনো নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করার উদ্যোগ নিলো।