পাকিস্তানে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় সংক্রমণ ১০ লাখ ছাড়িয়ে গেছে। শুক্রবার দেশটির ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের (এনসিওসি) বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন। এনসিওসি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে ২৫ হাজার ২১৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে ১ হাজার ৪২৫ জন শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ শতাংশের নিচে। সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত শনাক্তের হার ৫ দশমিক ৬৫ শতাংশ। এ নিয়ে দেশটিতে মোট শনাক্তের পরিমাণ দাঁড়াল ১০ লাখ ৩৪ জনে। তারা আরো জানান, পাকিস্তানে শনাক্তের পরিমাণ ৯ লাখ অতিক্রম করার দুই মাস পর ১০ লাখ ছাড়াল। এছাড়াও দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ হাজার ৯৩৯ জনের। এছাড়াও পাকিস্তানে এখন পর্যন্ত মহামারি থেকে সুস্থ হয়েছেন ৯ লাখ ২৩ হাজার ৪৭২ জন। বর্তমানে সক্রিয় রোগী হিসেবে হাসপাতাল ও বাড়িতে চিকিত্সাধীন রয়েছেন ৫৩ হাজার ৬২৩ জন।
