কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফের অবস্থা আশঙ্কাজনক। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন আলী আশরাফের অবস্থার অবনতি হওয়ায় বুধবার ঈদের দিন বিকাল ৩টায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অবস্থার খোঁজ রাখছেন। আলী আশরাফের একমাত্র ছেলে ও এফবিসিসিআইয়ের পরিচালক মুনতাকিম আশরাফ টিটুকে বৃহস্পতিবার ফোন করে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জেনেছেন প্রধানমন্ত্রী। আলী আশরাফের ছেলে টিটু বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
অধ্যাপক আলী আশরাফের ব্যক্তিগত সহকারী মো. জসিম উদ্দিন চিকিত্সকদের উদ্ধৃতি দিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় ইত্তেফাককে জানান, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। কোনো উন্নতি নেই, প্রতিদিনই অবনতি হচ্ছে। বর্তমানে কোনো ওষুধেও কাজ হচ্ছে না। জসিম জানান, পিত্তথলিতে জমা পাথর অপসারণের জন্য ৭৩ বছর বয়সী আলী আশরাফকে গত ১০ জুলাই হাসপাতালে ভর্তি করা হয়। পরে ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে কেবিনে থেকে আইসিইউতে নেওয়া হয়। সংক্রমণ কমাতে অ্যান্টিবায়োটিক দেওয়া হলেও উন্নতি হয়নি। সর্বশেষ নিউমোনিয়া ধরা পড়ে, বুধবার প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দিলে চিকিত্সকরা তাকে লাইফ সাপোর্টে নেন।
সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলী আশরাফ ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। তিনি এনিয়ে পঞ্চমবার কুমিল্লা থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০০ সালে তিনি সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন। এছাড়া তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
