প্র্যাকটিস প্যাডের আড্ডা

‘আর্টসেল’ ও একটি সন্ধ্যা আড্ডা..

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২১:২৩

(পর্ব ১)

 

স্টুডিওর স্বচ্ছ কাঁচ দিয়ে আর্টসেল-এর প্র্যাকটিস দেখছি। ভোকালিস্ট লিংকনের কণ্ঠে ভেসে আসছে আইয়ুব বাচ্চুর গান ‘ঘুমন্ত শহরে’। প্র্যাকটিস বিরতিতে ভেতরে যেতেই কোঁকরা চুলে হাসিমুখে বিনোদন প্রতিদিন টিমকে স্বাগতম জানালেন লিংকন। অন্যদিকে সদ্য ব্যান্ডের সদস্য হিসেবে যোগ দেওয়া ফয়সাল আহমেদ কাঁধ থেকে গিটার নামিয়ে হ্যান্ডশেক করলেন। বদ্ধ স্টুডিওর আলোতে ফটোগ্রাফার তার ছবির ফ্রেম দেখছেন। নিচে কার্পেটে বসে শুরু হলো আমাদের আড্ডা।
 

‘লোকাল বাসে করে গেলে মানুষ গিটারে হাত দিতো’

‘আর্টসেল’-এর পথচলার প্রায় ২০ বছর পর শুরুর দিকের সংগ্রামের কিছু ঘটনা দিয়ে শুরু হলো আড্ডা। লিংকন কিছু সময়ের জন্য মনে হলো নস্টালজিক হয়ে গেছেন। বললেন, ‘এত বড় স্টুডিওতে নিজেরা কাজ করবো এমনটা তো তখন চিন্তাও করতাম না। আমাদের বন্ধু ও আর্টসেলের সদস্য সাজুর বাসার চিলেকোঠায় প্র্যাকটিসের জন্য যেতাম। লোকাল বাসে করে সেই প্র্যাকটিসে যাওয়া সহজ ছিল না। মাঝে মাঝে পকেটে টাকা থাকতো না। লোকাল বাসে করে গেলে মানুষ গিটারে হাত দিতো। একটা বিব্রতকর অবস্থায় পড়তে হতো। এরপর গিটার নিয়ে বাস যাওয়া বন্ধ করে দিই।

 

‘আর্টসেল’-এর গানগুলো শুনে সেই অনুভূতিগুলো নিজের মধ্যে পুষছি’

মাঝে আর্টসেল ভেঙে অনেক খবর প্রকাশ পেয়েছে। সম্প্রতি নতুন সদস্য হিসেবে ফয়সালের যোগ দেওয়া প্রসঙ্গে জানতে চাওয়া হলো তার কাছেই। ফয়সাল:প্রায় সমসাময়িক সময়ে আমি ও লিংকন মিউজিক শুরু করি। তখন থেকেই তার সাথে পরিচয়। আমি আমার ব্যান্ডকে অনেকবছর এগিয়ে এনেছি। সেটি নিয়মিত করা হয়নি পরবর্তীতে। তবে আমরা ব্যান্ড ভাঙিনি। মাঝে বেশ কয়েকদিন লিংকনের সাথে ‘আর্টসেল’-এ অংশ নেওয়া নিয়ে কথা হচ্ছিল। যেহেতু ব্যান্ডে আমি নতুন তাই ‘আর্টসেল’-এর গানগুলো শুনে সেই অনুভূতিগুলো নিজের মধ্যে পুষছি।

 

‘বাচ্চু ভাইয়ের স্টুডিওতে ঢুকে দেখি আমার গানের অ্যালবাম’

্রসদ্যপ্রয়াত রক লিজেন্ড আইয়ুব বাচ্চুকে নিয়ে শোবিজের অনেকের অজস্র স্মৃতি। এমন এক সঙ্গীত আড্ডায় এই রকস্টারকে নিয়ে নিজেদের স্মৃতির কথা বলতে শুরু করলেন। ফয়সাল:আমার প্রথম অ্যালবাম যখন প্রকাশ হয় তখন বাচ্চু ভাই আমার বেশ প্রশংসা করলেন। বললেন ‘তোর অ্যালবাম আমার স্টুডিওতে রেখে দিয়েছি।’ এরপর বাচ্চু ভাইয়ের স্টুডিওতে ঢুকে দেখি আমার গানের অ্যালবাম। এমন অজস্র স্মৃতি রয়েছে। বিভিন্ন আড্ডায় যখন এই মানুষটাকে নিয়ে কথা বলি অনেক শূন্য লাগে।

 

‘বাচ্চু ভাই আমাকে চেনেন, এটা শুনে আমিতো অবাক!’

আড্ডার প্রসঙ্গে লিংকনও আইয়ুব বাচ্চুর সাথে নিজের স্মৃতি কথা বলতে গিয়ে বলেন, ‘একবার একজন ফোন করে জানালেন বাচ্চু ভাই নাকি আমাকে চেনেন। বাচ্চু ভাই আমাকে চেনেন, এটা শুনে আমিতো অবাক! এরপর একদিন কনসার্টে দেখা হলে তিনি আমাকে ডাকলেন। স্বপ্নের মতো মনে হলো সব। আড্ডায় ফয়সাল ও লিংকন ছাড়াও ড্রামার রিয়াজ ও বেইজিস্ট তিতাস দু-পাশে চুপটি করে বসে আছে।