মার্কিন সেনাবাহিনীর আফগান দোভাষীর শিরশ্ছেদ করল তালেবান

আপডেট : ২৪ জুলাই ২০২১, ০০:৪২

আফগানিস্তানে মার্কিন বাহিনীর জন্য দোভাষী হিসেবে কাজ করা এক আফগান নাগরিকের শিরশ্ছেদ করেছে তালেবানরা। তিনি ১৬ মাস দোভাষী হিসেবে কাজ করেছিলেন। গতকাল শুক্রবার নিহতের বন্ধু ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে সিএনএন। ওই দোভাষীর নাম সোহেল পারদিস (৩২)। তিনি গত ১২ মে পবিত্র ঈদুল ফিতরের ঠিক আগ মুহূর্তে রাজধানী কাবুলের নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী খোস্ট প্রদেশে বোনকে নিয়ে আসার জন্য যান। দীর্ঘ পাঁচ ঘণ্টার ভ্রমণে একটি মরুভূমির নিকট পৌঁছালে সোহেলের গাড়ি আটকে দেন তালেবান সদস্যরা। তালেবানরা সোহেলকে বলতো, ‘তুমি আমেরিকানদের গোয়েন্দা, তুমি আমেরিকানদের চোখ এবং কাফের’। প্রত্যক্ষদর্শী গ্রামবাসীরা রেড ক্রিসেন্টকে জানান, সোহেলের গাড়ি থামানোর আগেই সেটি লক্ষ্য করে গুলি চালায় তালেবানরা। তারপর তাকে গাড়ি থেকে নামানো হয় এবং শিরশ্ছেদ করে। গত ২০ বছর ধরে কয়েক হাজার আফগান নাগরিক মার্কিন সেনাবাহিনীর দোভাষী হিসেবে কাজ করেছেন। তাদের মধ্যে প্রায় ১৮ হাজার যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ইতিমধ্যে বিশেষ অভিবাসী ভিসায় আবেদন করেছেন।