চলমান মাদক বিরোধী অভিযানের মধ্যেই টেকনাফে বিজিবি জওয়ানেরা লবণের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় আড়াই লাখ ইয়াবা উদ্ধার করেছে। এর দাম প্রায় সাত কোটি টাকা। অন্যদিকে ফেনীতে র্যাব ১৯ হাজার ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় জব্দ করা হয় একটি প্রাইভেট কার।
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা জানান, কক্সবাজারের টেকনাফে বিজিবি জওয়ানেরা লবণের মাঠ হতে সাড়ে ৭ কোটি টাকার পরিত্যক্ত ইয়াবা উদ্ধার করেছে। বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের ঝিমংখালী বিওপির জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জাফর প্রজেক্টসংলগ্ন লবণের মাঠ দিয়ে কয়েকজন লোককে ২/৩টি বস্তা নিয়ে যেতে দেখে। বিজিবি জওয়ানরা চ্যালেঞ্জ করা মাত্র বস্তা ফেলে তারা পাশের গ্রামের দিকে পালিয়ে যায়। তখন ঘটনাস্থল তল্লাশি করে বিজিবি জওয়ানরা পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৭ কোটি টাকার আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার করে। ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য আটককৃত ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
ফেনী প্রতিনিধি জানান, ফেনীতে ১৯ হাজার ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকা থেকে ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা প্রাইভেটকারটিকে থামার সংকেত দেয়। মাদক ব্যবসায়ীরা প্রাইভেটকারটি না থামিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে সেটি আটক করে। পরে তল্লাশির এক পর্যায়ে গাড়ির মধ্যে লুকানো অবস্থায় ১৯ হাজার ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব। এসময় আটক করা হয় ভোলা জেলার লাল মহন থানার লর্ডহাঞ্জি গ্রামের মোঃ সামছুল হকের ছেলে মোঃ জিয়াউর রহমান (৩৫), রংপুর জেলার পীরগঞ্জ থানার রৌশনপুর গ্রামের লাল মিয়ার ছেলে মোঃ আনারুল (৩২) ও নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কেওডালা গ্রামের হাসান আলীর ছেলে মোহাম্মদ আলী (৪০)। জব্দ করা হয় প্রাইভেটকারটি। র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯৮ লাখ ১৫ হাজার টাকা। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামি, উদ্ধারকৃত মালামাল ফেনী মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে নয় মাদক ব্যবসায়ীসহ ৪৮ জনকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয় ফেনন্সিডিল ও ইয়াবাসহ বেশ কিছু মাদকদ্রব্য।
সিংড়া (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের সিংড়ায় সোমবার ৫০ গ্রাম গাঁজাসহ রুবেল আলী (২৫) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
