বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, বাংলাদেশের পক্ষে আমি একজন ভালো সেলসম্যান হতে চাই। তিনি বলেন, বাংলাদেশে তৈরি পোশাক কারখানাগুলোর শ্রমিকদের নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি হয়েছে। শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে গুরুত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ। বাণিজ্য বৃদ্ধি করলে উভয় দেশ উপকৃত হবে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সভায় বাণিজ্যমন্ত্রী দুই দেশের মধ্যে সম্পাদিত টিকফা চুক্তি অর্থবহ করতে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি সাংবাদিকদের বলেন, দেশের বিভিন্ন স্থানে সরকার ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তুলছে। এগুলোর কাজ দ্রুত এগিয়ে চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখানে বিনিয়োগ করলে লাভবান হবে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানানো হয়েছে বলে তিনি জানান।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে অতিরিক্ত সচিব (প্রশাসন) এস এম রেদওয়ান হোসেন, ডব্লিউটিও সেলের মহাপরিচালক মুনীর চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২০১৭-২০১৮ অর্থবছরে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, একই সময়ে বাংলাদেশ আমদানি করেছে প্রায় ১.৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ ৬০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
