চট্টগ্রাম কলেজ অধ্যক্ষের অফিসকক্ষে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়িতে ২ জনের মাথা ফেটে যায়।
গতকাল মঙ্গলবার দুপুরে কলেজের অধ্যক্ষের সামনেই এই সংঘর্ষ ঘটে বলে জানান একজন কলেজ কর্মচারী। নগর ছাত্রলীগের একটি সূত্র জানায়, মহিউদ্দিনপন্থি বলে পরিচিত নতুন কমিটি ও মেয়র নাছিরপন্থি বলে পরিচিত পদবঞ্চিতদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কমিটিতে না নেওয়ায় মেয়র অনুসারীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হওয়ার কথা শোনা যায়। এই ঘটনায় আহতরা হলেন, ইমরান আহমেদ ও মো. নুরুত্তজা।
জানা গেছে এক পক্ষের নেতৃত্বে আছেন কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের অনুসারীরা। অন্য পক্ষের নেতৃত্বে আছেন মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী বলে পরিচিত ওবাইদুল হক, বেলাল, সাইফুল ও রাজু প্রমুখের অনুসারীরা। এই অংশটি কলেজের ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে অধ্যক্ষকে হুমকি দিতে গিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।
