বান্দরবানে শিশু গৃহকর্মী নির্যাতন, নারী আইনজীবী গ্রেফতার

আপডেট : ২৪ জুলাই ২০২১, ২২:৫৩

বান্দরবানে ৯ বছরের এক শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে সারাহ সুদিপা ইউনুস নামে এক আইনজীবীকে গতকাল শনিবার গ্রেফতার করেছে পুলিশ। তার স্বামী আইনজীবী ফয়সাল পলাতক রয়েছেন।

বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) সোহাগ রানা বলেন, অ্যাডভোকেট ফয়সাল আহম্মেদ (ফয়সাল আজিজ) ও অ্যাডভোকেট সুদীপা ইউনুসের বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার গৃহকর্মী শিশু জয়নাবকে আদালতে তোলা হলে আদালত জয়নাবকে পুলিশ হাসপাতালে চিকিত্সা শেষে চট্টগ্রামের হাটহাজারীর সেফহোমে (নিরাপদ আবাসন) পাঠানোর  নির্দেশ দেয়। নির্যাতিত শিশুটির মা-বাবা নেই। ৯ বছর বয়সি ঐ শিশুটির বাড়ি লামা উপজেলার বরিশাল পাড়ায়। ভিকটিমের পক্ষ হয়ে রওশন আরা নামে এক প্রতিবেশী মামলাটি করেন। গৃহকর্মীর গায়ে মশার কয়েল দিয়ে ছ্যাঁকা দেওয়া, বেত দিয়ে আঘাত করা, শরীরের বিভিন্ন স্থানে জখম ও শারীরিক নির্যাতনের চিহ্ন রয়েছে।

মামলার এজাহারে বলা হয়, বান্দরবান শহরের বনরুপা পাড়ার ফয়সাল ও তার স্ত্রী সারাহ বিভিন্ন অজুহাত দেখিয়ে প্রায়ই জয়নাবকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে গত সোমবার বাসা থেকে পালিয়ে সে আশ্রয় নেন প্রতিবেশী রওশন আরার কাছে। মামলার আসামি ফয়সাল ও সারাহ দুজনই আইনজীবী। সারাহ সুদীপা মানবাধিকার কর্মী হিসেবেও নিজেকে পরিচয় দিয়ে থাকেন।