রাসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র রেজাউন নবী দুদু আর নেই

আপডেট : ২৪ জুলাই ২০২১, ২২:৫৪

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক ভারপ্রাপ্ত মেয়র, বীর

মুক্তিযোদ্ধা রেজাউন নবী দুদু (৭১) আর নেই। গতকাল শনিবার নগরীর দরগাপাড়াস্থ নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু জানান, রেজাউন নবী দুদু মৃত্যুর আগ পর্যন্ত রাসিকের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এই ওয়ার্ড থেকে তিনি চারবার কাউন্সিলর নির্বাচিত হন। ২০০৮ সালের রাসিক নির্বাচনে তিনি মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি স্থানীয় এল্যাইড ক্লাবের সাবেক সভাপতি, রাব্বা (শরীর চর্চা) ক্লাবের সভাপতি ও হযরত শাহ মখদুম (রহ.) দরগাহ মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। নিজ এলাকার উন্নয়নসহ অনেক সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে তার ভূমিকা রয়েছে। প্রায় ছয় মাস ধরে কিডনি এবং ক্যানসারে ভুগছিলেন। বাড়িতেই তিনি মারা যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।