আগস্টের কর্মসূচি সীমিত পরিসরে পালনের সিদ্ধান্ত আওয়ামী লীগের

আপডেট : ২৫ জুলাই ২০২১, ০০:০৩

আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের কর্মসূচি সীমিত পরিসরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে পালন করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল শনিবার নিজ বাসভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই পরিকল্পনা ঘোষণা করেন।

ওবায়দুল কাদের বলেন, বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে শোকাবহ, মর্মান্তিক হত্যার স্মৃতিবিজড়িত আগস্ট মাস আমাদের দুয়ারে সমাগত। প্রতিবছর আগস্ট মাসে কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে  ব্যাপক কর্মসূচি পালন করা হয়। কিন্তু এবার করোনার ভয়াবহতায় বিধিনিষেধের কারণে দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে কর্মসূচি সীমিত পরিসরে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি। তিনি আগস্ট মাসব্যাপী নানা কর্মসূচি পালনের তথ্য জানান। এ সকল কর্মসূচি পালনে কেন্দ্র থেকে তৃণমূলের সাংগঠনিক ইউনিটসমূহকে দলের সভানেত্রীর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।