করোনার ভয়াবহ বিস্তার ঠেকাতে হ্যানয়ে ১৫ দিনের কঠোর লকডাউন

আপডেট : ২৫ জুলাই ২০২১, ০০:০৪

করোনা সংক্রমণ বাড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। এ অবস্থায় অনেক দেশে নতুন করে লকডাউনসহ নানা বিধি নিষেধ আরোপ করা হয়েছে। সর্বশেষ ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ১৫ দিনের কঠোর লকডাউন জারি করা হয়েছে। শহরটিতে দুই জনের বেশি লোক একসঙ্গে জড়ো হতে পারবে না। শুক্রবার রাতে জারি করা লকডাউনে শুধু সরকারি অফিস, হাসপাতাল ও জরুরি ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে।

অন্যদিকে, করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার বাড়তে থাকায় ইন্দোনেশিয়ার স্বাস্থ্য ব্যবস্থা এখন ভেঙে পড়ার মুখে। সংক্রমণ বাড়ায় দেশটির বালি দ্বীপে অক্সিজেন সংকট তীব্র আকার ধারণ করেছে। জাভা অঞ্চলেও অক্সিজেন সংকট দেখা দিয়েছে। দেশটির সরকার যুক্তরাষ্ট্র ও চীন থেকে অক্সিজেন আমদানি করতে শুরু করেছে। বিশ্বের চতুর্থ জনবহুল দেশ ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত ৩০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৮০ হাজারের বেশি মানুষের। আল-জাজিরার খবরে বলা হয়েছে, ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে এই সংক্রমণ দ্রুত বাড়ছে, যা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।  এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকাতেও ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে।