অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনসহ তিনজনের নথিপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিন স্বাক্ষরিত নথিপত্র তলবের পৃথক নোটিস ফাফুফের মাধ্যমে তাদের কাছে পাঠানো হয়েছে।
কাজী সালাউদ্দিন ছাড়া নোটিসপ্রাপ্ত অপর দুইজন হলেন বাফুফের নির্বাহী সদস্য ও মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এবং প্রধান হিসাব কর্মকর্তা আবু হোসেন। পৃথকভাবে পাঠানো এসব নোটিসে তাদের আনুষঙ্গিক রেকর্ডপত্র ৭ ফেব্রুয়ারি দুদকের কাছে জমা দিতে বলা হয়েছে। এছাড়া বাফুফের কাছে পাঠানো একটি নোটিসে সালাউদ্দিন ও অন্যদের অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে ১১টি সুনির্দিষ্ট নথিপত্রসহ কাজী সালাউদ্দিনের সভাপতির দায়িত্ব পালনকালে আর্থিক ব্যয়ের নথিপত্র চাওয়া হয়েছে।
