প্রত্যেক পরিবারকে অর্ধ কোটি টাকা করে কেন ক্ষতিপূরণ নয় :হাইকোর্ট

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৫৬

ঢাকা ও চট্টগ্রামে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চার শিক্ষার্থী নিহতের ঘটনায় তাদের প্রত্যেকের পরিবারকে অর্ধ কোটি টাকা করে কেন ক্ষতিপূরণ প্রদান করা হবে না এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। এছাড়া নিহত শিক্ষার্থীদের পরিবারকে তাত্ক্ষণিক ক্ষতিপূরণ হিসেবে দুই সপ্তাহের মধ্যে এক লাখ টাকা করে প্রদান করতে স্বরাষ্ট্র সচিব, যোগাযোগ সচিব ও বিআরটিএর চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে।

চট্টগ্রামে গত ১৬ ও ২২ জানুয়ারি কলেজ শিক্ষার্থী সোমা বড়ুয়া ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী কাজী মাহমুদুর রহমান এবং ২৮ জানুয়ারি কেরানীগঞ্জে দুই সহোদর শিশু আফসার হোসেন ও ফাতিমা আফরিনের মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেন মানবাধিকার সংগঠন চিলড্রেন চ্যারিটি অব বাংলাদেশ ফাউন্ডেশন ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট। আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম। 

শুনানি শেষে হাইকোর্ট এসব দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের নাম ও পরিচয়, মামলার নথি, দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদন, সংশ্লিষ্ট পরিবহন ও চালকের নাম দাখিল করতে নির্দেশ দিয়েছে। 

আরও পড়ুনঃ কানাডাসহ আরও ১১ দেশের সমর্থন পেলেন গুয়াইদো

পাশাপাশি সকল সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সমান হারে অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না-তাও জানতে চেয়েছে আদালত।

ইত্তেফাক/নূহু