দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে গতকাল যোগ দিয়েছেন তারিক আমিন ভুঁইয়া। গত ৪ জুলাই ১০০৮তম পরিচালনা পর্ষদের সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ তাকে ডিএসইর এমডি হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়। প্রশাসন ও ব্যবসা পরিচালনা, ডিজিটাল অ্যান্ড ফিনানশিয়াল টেকনোলজি এবং আইটি খাতে নেতৃত্বদানকারী দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি তারিক আমিন ভুঁইয়া। তিনি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান—এএনজেড গ্রিন্ডলেস ব্যাংক, বাংলাদেশের গ্র্যাজুয়েট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি আইএনজি, সেন্ট জর্জ, ও ওয়েস্ট পেক এবং গ্লোবাল পরামর্শক সংস্থা-আইটি প্রতিষ্ঠান টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), ইনফোসিস এবং উদ্ভাবনী পরামর্শক সংস্থা—অ্যাকসেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ২৫ বছরেরও বেশি সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ব্র্যাক ব্যাংকের প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) এবং মোবাইল মানি ট্রান্সফার কোম্পানি বিকাশের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করেন। ডিএসইতে যোগদানের আগে তিনি বাংলাদেশের অলাভজনক প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ এনজিওর তথ্যপ্রযুক্তি পরামর্শক এবং অস্ট্রেলিয়ার হ্যাশক্লাউড পিটিওয়াই লিমিটেডের প্রতিষ্ঠাতা সিইও এবং সিটিপিও হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি হ্যাশক্লাউড বাংলাদেশ লিমিটেডের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। —প্রেস বিজ্ঞপ্তি
