‘আধিপত্য বিস্তারে মোটরসাইকেলের মহড়া দিয়ে
এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে তারা’
বিশেষ প্রতিনিধি
রাজধানীর মতিঝিল এলাকা থেকে কিশোর গ্যাং ‘বিচ্ছু বাহিনী’ ও ‘নিবিড় গ্রুপের’ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মতিঝিল এজিবি কলোনির লোকনাথ বাবার মন্দিরের সামনে শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে দুই গ্রুপের সদস্যদের গ্রেফতার করে র্যাব-৩-এর একটি দল। গ্রেফতারকৃতরা হলো—মো. জুয়েল, তরিকুল ইসলাম, মো. জুনাইদ, রবিউল ইসলাম ওরফে রবিন ও মো. সাগর। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস। তিনি বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায়, মতিঝিল এলাকায় কতিপয় কিশোর গ্যাং চক্রের সদস্য দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা ও সেবন, চাঁদাবাজি, ছিনতাই, সাধারণ মানুষকে হয়রানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৩-এর একটি আভিযানিক দল শনিবার রাতে মতিঝিল এজিবি কলোনির লোকনাথ বাবার মন্দিরের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে ‘বিচ্ছু বাহিনী’ ও ‘নিবিড় গ্রুপ’-এর পাঁচ সদস্যকে গ্রেফতার করে।
বীণা রানী দাস বলেন, দুই গ্রুপের সদস্যরা একসঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি স্টিলের ব্যাটন, একটি সুইচ গিয়ার চাকু, দুটি কালো রঙের স্টিলের চাকুসহ তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে, তারা দীর্ঘদিন ধরে রাজধানীর মতিঝিল, মুগদা ও শাহজাহানপুর এলাকায় অস্থায়ীভাবে বসবাস করে সংঘবদ্ধ হয়ে এসব কাজ করে আসছিল। আধিপত্য বিস্তারের জন্য দলবদ্ধভাবে মোটরসাইকেলের মহড়া দিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে থাকে তারা।
এ ছাড়া মোটরসাইকেল ব্যবহার করে রিকশা, ভ্যান, সিএনজি ও বাসযাত্রীদের টার্গেট করে তাদের ব্যাগ-পার্টস ছিনতাই করে থাকে দুটি কিশোর গ্যাংয়ের সদস্যরা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
